নরমাল ডেলিভারির ব্যবস্থা না থাকলে ক্লিনিকের লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সময়: 8:33 am - July 6, 2026 |

মানব কথা:দেশের সব বেসরকারি ক্লিনিকে আগামী শনিবারের মধ্যে নরমাল ডেলিভারির জন্য পৃথক রুম ও প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন সরদার মো. সাখাওয়াত হোসেন। নির্ধারিত সময়ের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট ক্লিনিকের লাইসেন্স বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সোমবার (৬ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে মিডওয়াইফারি সোসাইটির আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন কমিয়ে নরমাল ডেলিভারিকে উৎসাহিত করতেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, একসময় গ্রামের দাইয়েরা নিরাপদ প্রসবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন। সময়ের পরিবর্তনে সেই ব্যবস্থা হারিয়ে গেলেও এখন আধুনিক চিকিৎসা ব্যবস্থার মধ্যেই নরমাল ডেলিভারির পরিবেশ নিশ্চিত করতে হবে।তিনি আরও বলেন, বর্তমানে অধিকাংশ সন্তান জন্ম হচ্ছে সিজারের মাধ্যমে। প্রয়োজন ছাড়া সিজার করানো মা ও নবজাতকের জন্য সবসময় উপকারী নয়। তাই চিকিৎসকদের প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

হাম পরিস্থিতি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, একসময় হামকে সাধারণ রোগ হিসেবে দেখা হলেও বর্তমানে এটি প্রাণঘাতী রূপ নিয়েছে। তিনি বলেন, অপুষ্টির কারণে শিশুদের মধ্যে হামের ঝুঁকি বাড়ছে। মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করা ছাড়া সুস্থ জাতি এবং শক্তিশালী অর্থনীতি গড়ে তোলা সম্ভব নয়। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশে ডেঙ্গু চিকিৎসায় স্যালাইনের কোনো সংকট নেই। চিকিৎসকদের পরামর্শ মেনে সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত হাসপাতালে থেকে চিকিৎসা নেওয়ার জন্য রোগীদের প্রতি আহ্বান জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর