নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ; জরিমানা আদায়
মানব কথা: নরসিংদীর বাসাইল ও ঘোড়াশাল এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে জেলা প্রশাসন ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ যৌথ অভিযান পরিচালনা করেছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭টি মামলায় মোট ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল রোববার পরিচালিত অভিযানে বাসাইল এলাকায় বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর আওতায় ৩টি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে ঘোড়াশাল এলাকায় বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর আওতায় ৩টি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় ১ টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসন সূত্র জানায়, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং গ্যাসের অপচয় ও অবৈধ ব্যবহার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নেপাল কান্তি দেব। সূত্র : বাসস









