এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
সোহাগ, স্টাফ রিপোর্টার: রাজধানীর কদমতলী উত্তর থানায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় রাজধানীর মিনা টাওয়ারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কদমতলী উত্তর থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, শিক্ষক, অভিভাবক ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুল সবুর ফকির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদমতলী জোনের সহকারী পরিচালক ও মহানগরী মজলিসে শূরা সদস্য আব্দুর রহিম জীবন এবং ঢাকা সিটি মডেল কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল মজিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও কদমতলী উত্তর থানার আমীর মাওলানা মুহাম্মদ জুনাইদ।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল সবুর ফকির কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের অর্জিত সাফল্য ভবিষ্যৎ বাংলাদেশের জন্য আশার আলো। শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, জ্ঞান, নৈতিকতা, সততা ও দেশপ্রেমের সমন্বয়ে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় মনোযোগী হয়ে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগানোর আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে আব্দুর রহিম জীবন বলেন, এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন। এই সাফল্যকে সামনে রেখে তাদের আরও কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে উচ্চশিক্ষার দিকে এগিয়ে যেতে হবে। তিনি শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ কামনা করেন এবং তাদের সাফল্যের পেছনে অভিভাবক ও শিক্ষকদের অবদানের কথা তুলে ধরেন।
প্রফেসর আব্দুল মজিদ বলেন, একজন শিক্ষার্থীর প্রকৃত সাফল্য শুধু পরীক্ষার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষা মানুষকে জ্ঞানী করার পাশাপাশি সৎ, নৈতিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলে। তাই শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি চরিত্র গঠন ও নৈতিক মূল্যবোধের চর্চায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে মাওলানা মুহাম্মদ জুনাইদ কৃতী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য তাদের কঠোর পরিশ্রম, অভিভাবকদের ত্যাগ এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা পেয়ে শিক্ষার্থীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। বক্তারা তাদের আগামী দিনের শিক্ষাজীবন ও কর্মজীবনের সাফল্য কামনা করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী দক্ষিণের কদমতলী উত্তর থানার উদ্যোগে এবং ঢাকা সিটি মডেল কলেজের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

















