নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির

সময়: 7:43 am - October 12, 2026 |
বিশেষ প্রতিনিধি:
কন্যাশিশুর নিরাপত্তা, সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিদ্যালয়ে যাওয়ার পথ থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ, অনলাইন জগৎ ও সামাজিক যোগাযোগমাধ্যম—সব জায়গায় কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনায় দ্রুত তদন্ত, কার্যকর বিচার এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে জিরো টলারেন্স নীতির কঠোর বাস্তবায়নের কোনো বিকল্প নেই। সোমবার (১২ অক্টোবর) আন্তর্জাতিক কন্যাশিশু দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, কন্যাশিশুর নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা শুধু পরিবারের দায়িত্ব নয়; বরং এ ক্ষেত্রে রাষ্ট্র, সমাজ ও সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের কার্যকর ভূমিকা প্রয়োজন। কন্যাশিশুরা যেন নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারে এবং শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক জীবনের প্রতিটি ক্ষেত্রে সমান সুযোগ পায়, তা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অপরাধের দ্রুত তদন্ত ও কার্যকর বিচার নিশ্চিত করা জরুরি। পাশাপাশি আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে হবে। কন্যাশিশুর প্রতি সহিংসতা ও হয়রানি প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, কন্যাশিশুর নিরাপত্তা, সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত করা গেলে তাদের সম্ভাবনার পূর্ণ বিকাশের পথ আরও সুগম হবে। এ জন্য নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
Share Now

এই বিভাগের আরও খবর