আসিফ আকবরের গাড়িতে গুলি, জড়িতদের গ্রেপ্তারের দাবি জামায়াতের

সময়: 8:20 am - October 24, 2026 |

মানব কথা ডেস্ক:

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে রাজধানীর মগবাজারে গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি। শনিবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে এ নিন্দা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বিবৃতিতে তিনি বলেন, রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। দেশের একজন জনপ্রিয় সংগীতশিল্পীর গাড়ি লক্ষ্য করে এ ধরনের হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড জননিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিকদের স্বাভাবিক জীবনযাত্রার জন্য হুমকিস্বরূপ। এ ধরনের অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, দেশের প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। মগবাজারে গুলিবর্ষণের ঘটনায় জড়িত দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। ঘটনার পেছনের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে জামায়াতের এ নেতা বলেন, ন্যায়বিচার নিশ্চিত করতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

Share Now

এই বিভাগের আরও খবর