জাপান সফরে টয়োটার মোতোমাচি কারখানায় প্রধানমন্ত্রী তারেক রহমান

সময়: 9:49 am - October 29, 2026 |

নাগোয়ায় গাড়ি সংযোজন প্রক্রিয়া ঘুরে দেখলেন তারেক রহমান, উপস্থিত ছিলেন টয়োটার ঊর্ধ্বতন কর্মকর্তারা

আন্তর্জাতিক ডেস্ক:

জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়া শহরে অবস্থিত টয়োটা মোটর করপোরেশনের মোতোমাচি কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি কারখানার গাড়ি সংযোজন বা অ্যাসেম্বলি প্রক্রিয়া ঘুরে দেখেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় বেলা ১২টার দিকে প্রধানমন্ত্রী কারখানাটি পরিদর্শন করেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান। পরিদর্শনকালে টয়োটা মোটর করপোরেশনের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসাহিকো মোয়েদা, টয়োটা সুশো করপোরেশনের মোবিলিটি বিভাগের সিইও শিগেরু হারাদা এবং প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শিনিচিরো ওতসুকুসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কারখানা পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। এ ছাড়া উপস্থিত ছিলেন এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারীসহ সফরসঙ্গী দলের অন্য সদস্যরা। জাপান সফরের অংশ হিসেবে টয়োটার কারখানা পরিদর্শনের মধ্য দিয়ে দেশটির শিল্প ও উৎপাদনব্যবস্থা সম্পর্কে সরেজমিনে জানার সুযোগ পান প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা।

Share Now

এই বিভাগের আরও খবর