ঢাকা-১ আসনে আজ জামায়াত প্রার্থী ব্যারিস্টার নজরুলের ১৪ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা, কি আছে ইশতেহারে
দোহার–নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ঢাকা-১ (দোহার–নবাবগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম ১৪ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন। আজ সাড়ে ৬ টায় জয়পাড়া জামায়াতের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করা হবে।
কি আছে তার নির্বাচনী ইশতেহারে, তা জানা যাবে আজ। তবে “ইনসাফভিত্তিক সমাজ, সুশাসন, সমৃদ্ধি ও মানবিক মূল্যবোধ” শীর্ষক এই ইশতেহারে প্রবাসী কল্যাণ, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও নারী কল্যানকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।
দোহার–নবাবগঞ্জের প্রবাসীরা যেন হয়রানি ও প্রতারণার শিকার না হন, সে জন্য প্রবাসী সহায়তা সেল গঠন করা হবে। প্রবাসী কল্যাণ ব্যাংকের কার্যক্রম আরও সম্প্রসারিত করা হবে এবং বিদেশগমনের আগে প্রয়োজনীয় প্রশিক্ষণের জন্য দোহার–নবাবগঞ্জে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে।
নারীদের আত্মনির্ভরশীল করতে স্বনির্ভরতা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। নারী নির্যাতন প্রতিরোধে ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু করা হবে এবং নারী উদ্যোক্তাদের জন্য সরকারি অনুদান ও আইনগত সহায়তা নিশ্চিত করা হবে।
দোহার ও নবাবগঞ্জের সরকারি হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হবে। সরকারি নির্ধারিত মূল্যের বাইরে কোনো পরীক্ষা নেয়া যাবে না। মা ও শিশু চিকিৎসা কেন্দ্র স্থাপন, ফ্রি ফ্রাইডে ক্লিনিক এবং ২৪ ঘণ্টার টেলিমেডিসিন সেবা চালু করা হবে। পাশাপাশি স্বল্পমূল্যে অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করা হবে।দোহার–নবাবগঞ্জে একটি পলিটেকনিক ও নার্সিং ইনস্টিটিউট স্থাপন করা হবে। অনার্স কলেজগুলোতে মাস্টার্স কোর্স চালু করা হবে এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ দেওয়া হবে।
কেরাণীগঞ্জ থেকে মেট্রোরেল সম্প্রসারণ করে দোহার–নবাবগঞ্জ পর্যন্ত আনার উদ্যোগ নেওয়া হবে। দুই উপজেলায় আধুনিক বাস টার্মিনাল ও গুরুত্বপূর্ণ এলাকায় নৌ-টার্মিনাল নির্মাণ করা হবে।
কৃষি ও তাঁত শিল্পের বিষয়ে তিনি বলেন, কৃষকদের জন্য সরকারি সার ও বীজ সরবরাহ নিশ্চিত করা হবে। তাঁত বোর্ড ও ওয়েভার এসোসিয়েশনের বেদখল সম্পত্তি উদ্ধার করা হবে এবং দোহার–নবাবগঞ্জের লুঙ্গি ও জল-সিরা মিষ্টিকে GI পণ্য হিসেবে স্বীকৃতি আদায়ে উদ্যোগ নেওয়া হবে।
উপজেলা ও ইউনিয়নভিত্তিক উন্মুক্ত তথ্য সেন্টার গড়ে তোলা হবে। জনগণের সরাসরি যোগাযোগের জন্য “হ্যালো এমপি” নামে ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু করা হবে এবং ভিজিডি-ভিজিএফসহ সব ভাতা স্বচ্ছভাবে বণ্টন করা হবে।

















