রানা প্লাজা ও তাজরীন ট্র্যাজেডির ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন
মানব কথা: রাজধানীর জাতীয় প্রেসক্লাব এর সামনে রানা প্লাজা ও তাজরীন গার্মেন্টস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ আদায়ের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মানববন্ধনে বক্তারা আন্তর্জাতিক শ্রম সংস্থার International Labour Organization (আইএলও) কনভেনশন-১২১ অনুযায়ী ক্ষতিগ্রস্ত শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণ, সুচিকিৎসা এবং পূর্ণ পুনর্বাসনের দাবি জানান। বক্তারা বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো অনেক শ্রমিক ন্যায্য ক্ষতিপূরণ থেকে বঞ্চিত রয়েছেন। দুর্ঘটনায় আহত ও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জীবনমান উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
তারা আরও দাবি জানান, ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পুনর্বাসনের জন্য ভূমি অধিগ্রহণ করে বহুতল ভবন নির্মাণ এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি শ্রমিকদের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে রাষ্ট্রকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা। মানববন্ধন থেকে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতি দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।









