স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নেওয়া হবে: তথ্যমন্ত্রী

সময়: 8:53 am - May 16, 2026 |

মানব কথা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে গড়ে তুলতে সরকার কাজ করছে এবং সেই লক্ষ্য বাস্তবায়নে চলচ্চিত্রসহ সৃজনশীল খাতকে জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিস ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। তথ্যমন্ত্রী বলেন, “আমরা শুধু ক্ষমতায় থাকার জন্য আসিনি; আমরা বলেছি এভাবে চলতে পারে না। রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে মেরামত করতে হবে।” তিনি আরও বলেন, চলচ্চিত্র ও সৃজনশীল শিল্প সভ্যতার জন্য একটি গুরুত্বপূর্ণ ‘সফট পাওয়ার’ এবং এই শক্তিকে সমৃদ্ধ করার দায়িত্ব শিল্পী, নির্মাতা ও সৃজনশীল ব্যক্তিদের। চলচ্চিত্র শিল্পের উন্নয়নে সরকার স্বচ্ছতা ও জাতীয় ঐকমত্যের ভিত্তিতে কাজ করতে চায় উল্লেখ করে মন্ত্রী বলেন, চলচ্চিত্র খাতের প্রতিটি সিদ্ধান্ত সংশ্লিষ্ট অংশীজনদের মতামত ও বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েই গ্রহণ করা হবে। চলচ্চিত্র খাতের সংস্কার প্রসঙ্গে তিনি জানান, নবগঠিত চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ও জুরি বোর্ডকে চলচ্চিত্র অঙ্গনের সর্বস্তরের মানুষ স্বাগত জানিয়েছে। অতীতে এসব বোর্ড নিয়ে বিতর্ক থাকলেও এবার সংশ্লিষ্টদের সমর্থন সরকারের জন্য বড় নৈতিক শক্তি হিসেবে কাজ করছে।
মন্ত্রী আরও জানান, আগামী অর্থবছরের বাজেটে চলচ্চিত্রে অনুদানের পরিমাণ বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পাশাপাশি অনুদানের অর্থ দ্রুত ছাড় এবং নির্ধারিত সময়ের মধ্যে চলচ্চিত্র নির্মাণ সম্পন্ন করতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। দেশে সিনেমা হলের সংখ্যা কমে যাওয়াকে চলচ্চিত্র শিল্পের অন্যতম বড় সংকট হিসেবে উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, একক সিনেমা হলগুলো টিকিয়ে রাখা ও আধুনিকায়নের জন্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। অনুষ্ঠানে শিল্প সমালোচক ও চলচ্চিত্র বোদ্ধা মঈনুদ্দিন খালেদ-কে আজীবন সম্মাননা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন ড. জহিরুল ইসলাম কচি এবং ম. জাভেদ ইকবালসহ চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্টজনেরা।

Share Now

এই বিভাগের আরও খবর