ধ্বংসস্তূপ থেকে টাইগারদের টেনে তুলছেন লিটন দাস, দুর্দান্ত সেঞ্চুরি সিলেট টেস্টে

সময়: 11:09 am - May 16, 2026 |

মানব কথা:সিলেট টেস্টে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন দাস। দলের ব্যাটিং ধসের মাঝেও একপ্রান্ত আগলে রেখে ১৩৫ বলে শতক পূর্ণ করেন এই উইকেটরক্ষক ব্যাটার। এটি তার টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি।শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। ইনিংসের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। প্রথম ওভারের দ্বিতীয় বলেই শূন্য রানে সাজঘরে ফেরেন ওপেনার মাহমুদুল হাসান জয়। এরপর মুমিনুল হককে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন অভিষিক্ত তানজিদ হাসান তামিম।দুজন মিলে ৪৪ রানের জুটি গড়লেও সেট হয়েও বড় ইনিংস খেলতে পারেননি তারা। তানজিদ ২২ ও মুমিনুল ২৬ রান করে ফিরে যান। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম কিছুটা প্রতিরোধ গড়েন। তাদের ৪৩ রানের জুটির পর আবারও ধস নামে বাংলাদেশ ইনিংসে। ১০ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে দল। শান্ত ২৯, মুশফিক ২৩ এবং মেহেদী হাসান মিরাজ ৪ রান করে আউট হন। পরে তাইজুল ইসলামকে নিয়ে ৬০ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন লিটন দাস। তাইজুল ১৬ রানে ফিরলেও এক প্রান্ত আগলে রেখে ইনিংস এগিয়ে নেন লিটন। এরপর তাসকিন আহমেদ ৭ রান করে আউট হন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭২ ওভার শেষে ৮ উইকেটে ২৫৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

Share Now

এই বিভাগের আরও খবর