বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল আর্জেন্টিনা: স্পিকার

সময়: 1:04 pm - May 23, 2026 |

মানব কথা:আর্জেন্টিনা বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় ফুটবল দল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একইসঙ্গে আসন্ন বিশ্বকাপে দলটির সাফল্যও কামনা করেছেন তিনি। শনিবার (২৩ মে) দুপুরে যশোরের হামিদপুরে শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে আয়োজিত ‘এএফসি গ্রাসরুট ফুটবল ডে ও ওয়ার্ল্ড ফুটবল ডে ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্পিকার বলেন, “আর্জেন্টিনার রাষ্ট্রদূত যখন বক্তব্য দিতে ওঠেন, তখন সবাই হাততালি দিয়েছেন। এটিই প্রমাণ করে আর্জেন্টিনা বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল। আমরা আসন্ন বিশ্বকাপে তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।” ক্রীড়াঙ্গনে রাজনীতির প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, গত দুই দশকে দেশের ক্রীড়াঙ্গন রাজনীতির দখলে চলে গেছে। আগে ক্রীড়ামোদীরা খেলাধুলায় অবদান রাখতে আসতেন, এখন অনেকে ব্যক্তিস্বার্থে যুক্ত হচ্ছেন। তিনি বলেন, “ক্রীড়ামোদীদের জায়গা ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিরা দখল করে নিয়েছেন। এই ধারা থেকে বেরিয়ে আসা উচিত।” অনুষ্ঠানে খুলনা ও রাজশাহী বিভাগের প্রায় ৮০০ ক্ষুদে ফুটবলারের অংশগ্রহণে পুরো একাডেমি প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।যশোরের স্মৃতিচারণ করে স্পিকার বলেন, এই শহরের সঙ্গে তার আবেগের সম্পর্ক রয়েছে। তিনি যশোর ক্যান্টনমেন্টে দায়িত্ব পালন করেছেন এবং মুক্তিযুদ্ধের সময়ও এ অঞ্চলে ছিলেন। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল অনুষ্ঠানে জানান, দেশের গ্রাসরুট ফুটবল উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, ভবিষ্যতে আর্জেন্টিনা থেকে কোচ আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রতিভাবান ফুটবলারদের প্রশিক্ষণের জন্য আর্জেন্টিনায় পাঠানোর বিষয়ও বিবেচনা করা হচ্ছে।অনুষ্ঠানে উপস্থিত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো চার্লোস একাডেমির কার্যক্রম ও শিশুদের অংশগ্রহণ দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, এখান থেকেই ভবিষ্যতের ফুটবল তারকারা উঠে আসবে। আয়োজকরা জানান, তৃণমূল পর্যায়ে ফুটবল ছড়িয়ে দিতে এবং নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরি করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর