ফারাক্কা ইস্যুতে ৭ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত: পানিসম্পদমন্ত্রী

সময়: 12:05 pm - May 23, 2026 |

মানব কথা:ফারাক্কা বাঁধের কারণে দেশের প্রায় ২৪ থেকে ২৬টি জেলা এবং প্রায় ৭ কোটি মানুষ চরম পানিসংকটে পড়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। শনিবার (২৩ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘জাতীয় নদী দিবস’ উপলক্ষে নোঙর ট্রাস্ট আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, এই সংকট মোকাবিলায় সরকার পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন এবং তিস্তা মহাপরিকল্পনা দ্রুত শেষ করার উদ্যোগ নিয়েছে। তিনি জানান, তিস্তা পাড়ের পাঁচ জেলার মানুষের স্বার্থ রক্ষা এবং উন্নয়ন নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। এ জন্য সংশ্লিষ্ট তিনটি সংস্থা মাঠপর্যায়ে কাজ করছে এবং বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত পরিকল্পনা গ্রহণ করা হবে। পদ্মা ব্যারেজ প্রকল্প প্রসঙ্গে মন্ত্রী বলেন, ২০০২ সালে এ প্রকল্পের প্রাথমিক সমীক্ষা শুরু হলেও দীর্ঘদিন এটি স্থবির ছিল। বর্তমান সরকার নতুন করে প্রকল্পটি এগিয়ে নিচ্ছে এবং কারিগরি বিশ্লেষণের মাধ্যমে বাস্তবায়নের কাজ শুরু হবে। ভারতের সঙ্গে পানির হিস্যা ও গঙ্গা চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, নির্ধারিত সময় পরপর পানিপ্রবাহ পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যৌথ নদী কমিশন নিয়মিত কাজ করছে। সাম্প্রতিক সময়ে একটি বাংলাদেশি বিশেষজ্ঞ দল কলকাতায় গিয়ে ফারাক্কা ব্যারেজ এলাকা পরিদর্শন ও আলোচনা করেছে। বক্তব্যের একপর্যায়ে তিনি দেশের রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন। তিনি দাবি করেন, শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত আসামি গ্রেপ্তার করা হয়েছে এবং সরকার ভুক্তভোগী পরিবারের পাশে রয়েছে। মন্ত্রী আরও বলেন, উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করতে একটি মহল অস্থিরতা সৃষ্টি করছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে বলেন, দেশ পুনর্গঠনের এই সময়ে সবাইকে সহায়তা করা উচিত এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।

Share Now

এই বিভাগের আরও খবর