ঈদযাত্রায় পদ্মা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড

সময়: 9:52 am - May 29, 2026 |

মানব কথা:পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ঈদযাত্রার চার দিনে পদ্মা সেতু দিয়ে মোট ১ লাখ ৬০ হাজার ৬৭৪টি যানবাহন পারাপার হয়েছে। এ সময়ে টোল আদায় হয়েছে রেকর্ড ১৮ কোটি ৪ লাখ ৮ হাজার ২০০ টাকা। ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে পদ্মা সেতুর সাইট অফিস থেকে নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ নিলয় এ তথ্য নিশ্চিত করেন। সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ঈদযাত্রার শেষ দিন বুধবার (২৭ মে) ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ৭৯টি যানবাহন সেতু পারাপার করে। ওই দিনে মাওয়া ও জাজিরা প্রান্ত মিলিয়ে মোট টোল আদায় হয় ৪ কোটি ৩৬ লাখ ৫১ হাজার ২০০ টাকা। এর আগের দিন মঙ্গলবার (২৬ মে) ৪৫ হাজার ৬০২টি যানবাহন পারাপার করে, যা থেকে আদায় হয় ৫ কোটি ৩ লাখ ২৪ হাজার ৪৫০ টাকা। এটি সেতু চালুর পর দ্বিতীয় সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া সোমবার (২৫ মে) ৪৪ হাজার ৮টি যানবাহন পারাপার করে এবং টোল আদায় হয় ৪ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৩৫০ টাকা। রোববার (২৪ মে) ৩১ হাজার ৯৮৫টি যানবাহন পারাপারে আদায় হয় ৩ কোটি ৮৪ লাখ ১৭ হাজার ২০০ টাকা। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সেতুর উভয় প্রান্তে মোট ১৯টি টোল বুথ সার্বক্ষণিক চালু রাখা হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে সার্বক্ষণিক মনিটরিং করা হয়। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, আধুনিক ক্যাশলেস ‘ডি-টোল’ ব্যবস্থা এবং কার্যকর ব্যবস্থাপনার কারণে এবারের ঈদযাত্রা ছিল স্বস্তিদায়ক ও নিরাপদ। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে হয়ে দূরপাল্লার যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পেরেছে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা।

Share Now

এই বিভাগের আরও খবর