ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে মন্তব্যে দুঃখ প্রকাশ ববি হাজ্জাজের
মানব কথা:ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘কোচিং সেন্টার’ আখ্যা দিয়ে দেওয়া বক্তব্য নিয়ে তীব্র সমালোচনার মুখে শেষ পর্যন্ত নিজের মন্তব্য প্রত্যাহার করে নিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তার ওই বক্তব্য ঘিরে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ার পর শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় বিক্ষোভ ও মানববন্ধনের কর্মসূচিও ঘোষণা করা হয়। জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে একদল শিক্ষার্থী প্রতিবাদ কর্মসূচির ডাক দেন। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে নিজের বক্তব্য পুরোপুরি প্রত্যাহারের ঘোষণা দেন প্রতিমন্ত্রী। ফেসবুক পোস্টে ববি হাজ্জাজ দাবি করেন, তার বক্তব্য “ভুলভাবে উপস্থাপন করা হয়েছে” এবং এটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, সরকারের আনুষ্ঠানিক অবস্থান নয়। তিনি বলেন, “সময় এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আরও বেশি বিশ্বমানের গবেষণা বিশ্ববিদ্যালয়ে পরিণত করার।” তিনি আরও উল্লেখ করেন, তার বক্তব্যের উদ্দেশ্য কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, মর্যাদা কিংবা জাতি গঠনে অবদানকে খাটো করা ছিল না। বরং দেশের উচ্চশিক্ষা খাতের বিভিন্ন চ্যালেঞ্জ ও গবেষণাবিমুখতার প্রসঙ্গ তুলে ধরতেই তিনি মন্তব্য করেছিলেন। প্রতিমন্ত্রী বলেন, গত ১৭ বছরে উচ্চশিক্ষা খাতে গবেষণার প্রতি যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি। পাশাপাশি রাজনৈতিক বিবেচনায় শিক্ষক নিয়োগ ও পদোন্নতি নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। তিনি প্লেজারিজমসহ অনৈতিক একাডেমিক চর্চার সমালোচনাও করেন। ববি হাজ্জাজ জানান, সংশ্লিষ্ট পডকাস্টটি ছিল একটি অনানুষ্ঠানিক ও স্বতঃস্ফূর্ত আলোচনা। এটি কোনো গবেষণাভিত্তিক বা নীতিনির্ধারণী বক্তব্য ছিল না। আনুষ্ঠানিক পরিবেশে বক্তব্যের ভাষা ও উপস্থাপনা আরও সুসংগঠিত হতো বলেও মন্তব্য করেন তিনি। সবশেষে তিনি বলেন, “আমার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত। ভুল বোঝাবুঝির সৃষ্টি হওয়ায় মন্তব্যটি সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নিচ্ছি।”








