হজ শেষে আজ রাত থেকেই শুরু হচ্ছে হাজিদের ফিরতি ফ্লাইট

সময়: 5:16 pm - May 29, 2026 |

মানব কথা:পবিত্র হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আজ রাত থেকেই দেশে ফিরতে শুরু করছেন বাংলাদেশি হাজিরা। তিন জামারাতে কঙ্কর নিক্ষেপের মধ্য দিয়ে হজের মূল কার্যক্রম শেষ হওয়ার পর শুরু হচ্ছে ফিরতি হজ ফ্লাইট। সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফিরতি ফ্লাইট ছেড়ে যাবে। সৌদি এয়ারলাইন্সের এসভি-৫৮০৬ ফ্লাইটের মাধ্যমে শুরু হবে হাজিদের ফিরতি যাত্রা। প্রথম দিনেই ১৩টি ফ্লাইটে মোট ৫ হাজার ৪৩৪ জন হাজি দেশে ফিরবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর আগে গত ১৭ এপ্রিল রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এ হজ ফ্লাইট কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ থেকে হজযাত্রী বহনকারী শেষ ফ্লাইট সৌদি আরবে পৌঁছায় ২১ মে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর সৌদি সরকারের নির্ধারিত সময়সীমার মধ্যেই হাজিদের তাঁবু ভাড়া, পরিবহন চুক্তি, বাসা ভাড়া এবং ভিসাসহ প্রয়োজনীয় সব কার্যক্রম সম্পন্ন করা হয়। পাশাপাশি হজযাত্রী পরিবহন নির্বিঘ্ন রাখতে এয়ারলাইন্সগুলোর সঙ্গে আগেই প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছিল। ফলে কোনো বড় ধরনের সিডিউল বিপর্যয় ছাড়াই নিবন্ধিত শতভাগ হজযাত্রী সৌদি আরবে পৌঁছাতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আগামী ১ জুলাই শেষ হবে চলতি বছরের হজের ফিরতি ফ্লাইট কার্যক্রম।

Share Now

এই বিভাগের আরও খবর