ঢাকায় পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট, ফিরলেন ৪১৯ হাজী
মানব কথা:পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজীরা। শনিবার (৩০ মে) সকাল ১০টার দিকে সৌদিয়া এয়ারলাইন্সের প্রথম ফিরতি হজ ফ্লাইটে ৪১৯ জন হাজী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। বিমানবন্দরে হাজীদের ফুল ও পবিত্র জমজমের পানি দিয়ে স্বাগত জানানো হয়। দীর্ঘ ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে ফিরে আসায় হাজীদের মধ্যে ছিল আনন্দ ও আবেগঘন পরিবেশ। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সূত্র জানায়, তিন জামারাতে কঙ্কর নিক্ষেপের মাধ্যমে এবারের হজের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর সৌদি আরব থেকে হাজীদের ফিরতি যাত্রা শুরু হয়। স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদিয়া এয়ারলাইন্সের এসভি-৫৮০৬ ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ফিরতি যাত্রার প্রথম দিনে ১৩টি ফ্লাইটে মোট ৫ হাজার ৪৩৪ জন হাজী দেশে ফিরবেন। আগামী ১ জুলাই পর্যন্ত ফিরতি হজ ফ্লাইট চলবে। গত ১৭ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০২৬ সালের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ থেকে হজযাত্রী বহনকারী শেষ ফ্লাইট সৌদি আরবে যায় ২১ মে। এ বছর বাংলাদেশ থেকে ব্যবস্থাপনা সদস্যসহ মোট ৭৯ হাজার ১৬৪ জন ধর্মপ্রাণ মুসলমান হজ পালনের জন্য সৌদি আরব গমন করেন। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকারের নির্ধারিত সময়ের মধ্যেই তাঁবু ভাড়া, পরিবহন, আবাসন ও ভিসা সংক্রান্ত সব কার্যক্রম সম্পন্ন করা হয়। ফলে কোনো ধরনের বড় সিডিউল বিপর্যয় ছাড়াই নিবন্ধিত সব হজযাত্রী সৌদি আরবে পৌঁছাতে সক্ষম হন। এদিকে চলতি হজ মৌসুমে পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৩৫ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।








