দেশ গঠনে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
মানব কথা:দেশ গঠন ও সমাজ উন্নয়নে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩০ মে) রাজধানীর ইসিবি চত্বরে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, সমাজের সবাইকে পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। একজন নাগরিক হিসেবে যদি আমরা নিজ নিজ অবস্থান থেকে একে অপরকে সহযোগিতা করি, তাহলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও মূল্যবোধের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে। তিনি বলেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা দেশ গঠনে ভূমিকা রাখছেন, তাদের পাশে দাঁড়ানো এবং সহযোগিতা করা আমাদের সবার দায়িত্ব। জাতীয় উন্নয়ন ও অগ্রগতির জন্য সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। অনুষ্ঠানটি সড়কের পাশে আয়োজন করা হওয়ায় জনসাধারণের চলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে উল্লেখ করে তারেক রহমান সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি বলেন, মানুষের ভোগান্তির বিষয়টি বিবেচনায় রেখে অনুষ্ঠানটি ছোট পরিসরে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী আরও জানান, সাংগঠনিক বিষয় ও ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে পরে বিস্তারিত আলোচনা করা হবে। সেদিন দলকে আরও শক্তিশালী ও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হবে বলেও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং দুস্থ মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়।








