কুমিল্লা জেলা পরিষদের তহবিল থেকে ২৫ কোটি টাকা নেওয়ার অভিযোগ আসিফ-হাসনাতের বিরুদ্ধে
মানব কথা: কুমিল্লা জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ নিজ নিজ এলাকার উন্নয়ন কাজের জন্য মোট ২৫ কোটি টাকা বরাদ্দ নিয়েছেন বলে অভিযোগ করেছেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া। শনিবার (৩০ মে) বিকেলে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও আলোচনা সভায় বক্তব্যকালে তিনি এ অভিযোগ করেন। মোস্তাক মিয়ার দাবি, জেলা পরিষদের নিজস্ব রাজস্ব তহবিল থেকে মুরাদনগর উপজেলার জন্য ১৫ কোটি টাকা এবং দেবিদ্বার উপজেলার জন্য ১০ কোটি টাকা বরাদ্দ নেওয়া হয়েছে। তিনি বলেন, “জেলা পরিষদের রাজস্ব খাতের অর্থ থেকে আসিফ মাহমুদ মুরাদনগরের জন্য ১৫ কোটি টাকা এবং হাসনাত আবদুল্লাহ দেবিদ্বারের জন্য ১০ কোটি টাকা নিয়েছেন। যারা সমন্বয়ের রাজনীতির কথা বলতেন, তাদের কর্মকাণ্ডেই সমন্বয়ের অভাব দেখা গেছে।” বক্তব্যে তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং দেশের অর্থনৈতিক পরিস্থিতি পুনরুদ্ধারে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ইতোমধ্যে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ। এছাড়া কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিমসহ স্থানীয় বিএনপির নেতারা বক্তব্য দেন। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।









