হামের উপসর্গে আরও একজনের মৃত্যু
মানব কথা ডেস্ক:
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৫২ জনে। একই সময়ে নতুন করে ৯৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ৯৮৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। শনিবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তি ঢাকা বিভাগের। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১৪৭ জন। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৮৬৭ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৯৮৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার ৬৬০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন ২ লাখ ৩ হাজার ৫২৮ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ লাখ ৯৫ হাজার ৮৮ জন।









