জাতিসংঘে বাংলাদেশের বড় জয়, ইউএনজিএ সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

সময়: 3:36 pm - June 2, 2026 |

মানব কথা:প্রায় চার দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি পদে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জয়লাভ করেছেন। মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে তিনি সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস. কাকোরিসকে ৮ ভোটের ব্যবধানে পরাজিত করেন। নির্বাচনে জাতিসংঘের ১৯০টি সদস্য রাষ্ট্র ভোট দেয়। এর মধ্যে বাংলাদেশের পক্ষে ৯৯টি এবং সাইপ্রাসের পক্ষে ৯১টি ভোট পড়ে। নির্বাচিত সভাপতি হিসেবে ড. খলিলুর রহমান আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের দায়িত্ব গ্রহণ করবেন। এই বিজয়ের মাধ্যমে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে শান্তি, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং বৈশ্বিক শাসনব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ পাবে। নির্বাচনের আগে সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে এক অনানুষ্ঠানিক সংলাপে ড. খলিলুর রহমান প্রতিশ্রুতি দেন, তিনি একজন পূর্ণকালীন ও নিরপেক্ষ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন এবং ছোট-বড় সব সদস্য রাষ্ট্রের মতামতকে সমান গুরুত্ব দেবেন। তিনি বলেন, জাতিসংঘ সনদের মূলনীতি সমুন্নত রাখা এবং সব সদস্য রাষ্ট্রকে সম্পৃক্ত করাই হবে তার অগ্রাধিকার। জাতিসংঘের আঞ্চলিক রোটেশন নীতি অনুযায়ী এবারের সভাপতি পদটি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জন্য নির্ধারিত ছিল। এ অঞ্চলের সদস্য হিসেবে সাইপ্রাসও প্রতিদ্বন্দ্বিতা করে। শুরুতে ফিলিস্তিনও প্রার্থী হলেও পরে নির্বাচন থেকে সরে দাঁড়ায়। কূটনৈতিক সূত্রগুলো জানায়, নির্বাচনের আগে বাংলাদেশ ব্যাপক সমর্থন অর্জন করতে সক্ষম হয়। ব্রাজিল, সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক, আলজেরিয়া, গাম্বিয়া ও লিবিয়াসহ বেশ কয়েকটি দেশ প্রকাশ্যে বাংলাদেশের প্রার্থিতাকে সমর্থন দেয়। বিশেষজ্ঞদের মতে, সীমিত সময়ের প্রচারণা সত্ত্বেও বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা এবং শেষ মুহূর্তের সমর্থন আদায়ের প্রচেষ্টা এ বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। উল্লেখ্য, এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী। প্রায় ৪০ বছর পর আবারও এ মর্যাদাপূর্ণ পদে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হলেন।

Share Now

এই বিভাগের আরও খবর