তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিশ্বমঞ্চে নতুন অবস্থান তৈরি করেছে:রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

সময়: 9:32 am - June 3, 2026 |

মানব কথা:জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। বুধবার (৩ জুন) নিজের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান। মুশফিকুল ফজল আনসারী বলেন, এই অর্জনের মাধ্যমে বাংলাদেশ সম্মান ও মর্যাদার সঙ্গে বৈশ্বিক পরিসরে আরও শক্ত অবস্থান তৈরি করেছে। তিনি এটিকে দেশের কূটনৈতিক সাফল্যের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন। বার্তায় তিনি বলেন, বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের জন্য এটি একটি গৌরবের অর্জন। একই সঙ্গে তিনি দাবি করেন, নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে নতুন মাত্রা অর্জন করেছে। রাষ্ট্রদূত মুশফিকুল আরও উল্লেখ করেন, দীর্ঘদিন পর বাংলাদেশ জাতিসংঘের মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নেতৃত্বের সুযোগ পেল, যা দেশের পররাষ্ট্রনীতি ও বৈশ্বিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে।উল্লেখ্য, মঙ্গলবার নিউইয়র্কে অনুষ্ঠিত ভোটে সাইপ্রাসের প্রার্থীকে পরাজিত করে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি আগামী সেপ্টেম্বরে দায়িত্ব গ্রহণ করবেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, নির্বাচনের আগে বাংলাদেশ বিভিন্ন অঞ্চলের সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন আদায়ে ব্যাপক প্রচার ও যোগাযোগ কার্যক্রম পরিচালনা করে। এ প্রচারণায় বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনের পাশাপাশি রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীও সক্রিয় ভূমিকা পালন করেন।

Share Now

এই বিভাগের আরও খবর