নবম পে-স্কেল নিয়ে অনিশ্চয়তা, ১ জুলাই বাস্তবায়ন নিয়ে বাড়ছে শঙ্কা
মানব কথা:দীর্ঘ ১১ বছর ধরে নতুন পে-স্কেলের অপেক্ষায় থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আবারও অনিশ্চয়তা দেখা দিয়েছে। আগামী ১ জুলাই থেকে নবম পে-স্কেল কার্যকরের প্রত্যাশা থাকলেও এ বিষয়ে এখনো সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় উদ্বেগ বাড়ছে চাকরিজীবীদের মধ্যে।আসন্ন জাতীয় বাজেট সামনে রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নতুন বেতন কাঠামো বাস্তবায়নের আশা করলেও সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের নীরবতায় সেই প্রত্যাশা এখন প্রশ্নের মুখে পড়েছে।সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দাবি, নতুন পে-স্কেল নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে নানা তথ্য প্রকাশ পেলেও সরকার, অর্থ মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো সুস্পষ্ট বক্তব্য দেওয়া হয়নি। ফলে ১ জুলাই থেকে পে-স্কেল কার্যকর হবে কি না, তা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা।বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আবদুল মালেক বলেন, সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কিছু না বলায় কর্মচারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অর্থ মন্ত্রণালয় বা অর্থ সচিবের কাছ থেকেও এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।তিনি বলেন, দীর্ঘ ১১ বছর ধরে সরকারি চাকরিজীবীরা নতুন পে-স্কেলের অপেক্ষায় রয়েছেন। নির্বাচনী ইশতেহারেও নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রতিশ্রুতি ছিল। তাই আগামী ১১ জুন উপস্থাপিত হতে যাওয়া জাতীয় বাজেটে এ খাতে প্রয়োজনীয় বরাদ্দ রাখার প্রত্যাশা করছেন তারা।
এদিকে নবম পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের সম্ভাব্য পরিকল্পনায়ও উদ্বেগ প্রকাশ করেছে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। সংগঠনটির দাবি, প্রথম ধাপেই শতভাগ মূল বেতন (বেসিক) কার্যকর করতে হবে। পাশাপাশি অতীতের মতো প্রয়োজনীয় মহার্ঘ ভাতা দেওয়ারও দাবি জানিয়েছে তারা।সংগঠনের নেতারা বলছেন, গত ১১ বছরে বেতনের মৌলিক কোনো পরিবর্তন হয়নি। অথচ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও জীবনযাত্রার ব্যয় কয়েকগুণ বেড়েছে। ফলে অনেক নিম্নপদস্থ কর্মচারী সংসার চালাতে অতিরিক্ত কাজ করতে বাধ্য হচ্ছেন।সরকারি সূত্রে জানা গেছে, নতুন পে-স্কেল পুরোপুরি বাস্তবায়নে তিন অর্থবছরের পরিকল্পনা বিবেচনায় রয়েছে। খসড়া পরিকল্পনা অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে নতুন বেসিক বেতনের ৫০ শতাংশ কার্যকর হতে পারে। পরবর্তী অর্থবছরে বাকি ৫০ শতাংশ এবং ২০২৮-২৯ অর্থবছরে বিভিন্ন ভাতা ও সুযোগ-সুবিধা ধাপে ধাপে চালুর পরিকল্পনা রয়েছে।তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যেতে পারে আগামী সপ্তাহেই। রাষ্ট্রপতির আহ্বানে ৭ জুন শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন। আগামী ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন। সেই বাজেটেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রত্যাশিত নবম পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট হওয়ার আশা করা হচ্ছে।









