এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের সুযোগ: গৃহায়নমন্ত্রী
মানব কথা:রাজধানীর কেরানীগঞ্জে রাজউক বাস্তবায়িত ঝিলমিল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দপ্রাপ্তরা যাতে আগামী এক বছরের মধ্যে বাড়ি নির্মাণ করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো দ্রুত সম্পন্ন করতে কাজ করছে সরকার বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। বুধবার (১০ জুন) ঝিলমিল আবাসিক প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে ঝিলমিল আবাসিক প্রকল্প প্রত্যাশিত গতিতে এগোয়নি। বর্তমান সরকার প্রকল্পটির উন্নয়নকাজে গতি এনেছে। ইতোমধ্যে প্রকল্প এলাকায় থানা, স্কুল, হাসপাতাল এবং বর্জ্য শোধনাগার (ইটিপি) নির্মাণের কাজ চলমান রয়েছে। পাশাপাশি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স নির্মাণও শিগগিরই শুরু হবে।তিনি জানান, প্রকল্প এলাকায় নিরাপত্তা ও নাগরিক সুবিধা বাড়াতে স্ট্রিট লাইট স্থাপন এবং সিসি ক্যামেরা বসানোর কাজও চলছে।নিরাপত্তা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে গৃহায়নমন্ত্রী বলেন, ঝিলমিল এলাকায় স্থায়ী থানা নির্মাণাধীন রয়েছে। এরই মধ্যে স্থানীয় থানার পাঁচটি টহল টিম নিয়মিত নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছে।
পরিদর্শনকালে মন্ত্রী নির্মাণাধীন স্কুল, হাসপাতাল ও থানা ভবনের অগ্রগতি ঘুরে দেখেন। পরে প্রকল্পের সাইট অফিসে প্রকল্প পরিচালক মো. আমিনুর রহমান উন্নয়নকাজের সার্বিক অগ্রগতি উপস্থাপন করেন। এ সময় ঝিলমিল সোসাইটির কোষাধ্যক্ষ মো. মোশারফ হোসেন প্লট মালিকদের বিভিন্ন প্রত্যাশা ও দাবি তুলে ধরেন। পরিদর্শনে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক, চিফ টাউন প্ল্যানার মো. আশরাফুল ইসলামসহ রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।গৃহায়নমন্ত্রী বলেন, ঝিলমিল আবাসিক প্রকল্পকে একটি আধুনিক, নিরাপদ ও পরিকল্পিত আবাসিক এলাকায় পরিণত করাই সরকারের লক্ষ্য। এজন্য প্রয়োজনীয় সব অবকাঠামো ও নাগরিক সুবিধা দ্রুত নিশ্চিত করার কাজ চলছে।









