বাজেট নিয়ে বিরোধীদের সমালোচনা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা: প্রধানমন্ত্রী
মানব কথা:প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে কেন্দ্র করে বিরোধী দলের সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধীদের উদ্দেশ্য জনগণের কল্যাণ নয়; বরং দেশে অস্থিতিশীলতা ও অশান্তি সৃষ্টি করা। শনিবার সকালে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে পাতিলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, এবারের বাজেট ঘোষণার পর এখন পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়েনি। সরকার চাল, ডাল, তেল, নুনসহ প্রয়োজনীয় ৬০টি পণ্যের ওপর থেকে কর প্রত্যাহার করেছে, যাতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় না বাড়ে।তিনি বলেন, “সরকারের একমাত্র লক্ষ্য দেশের মানুষকে স্বস্তি দেওয়া এবং নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখা।”
বিরোধী দলের বাজেট প্রত্যাখ্যানের সমালোচনা করে তারেক রহমান বলেন, “যে বাজেটে জনগণের জন্য কর কমানো হয়েছে, সেই বাজেটও তারা মানে না। আবার মদ ও সিগারেটের মতো ক্ষতিকর পণ্যের দাম বাড়ানো হলেও সেটিও তাদের পছন্দ নয়। তাহলে তাদের প্রকৃত উদ্দেশ্য কী, সেটি জনগণই বুঝতে পারছে।” সরকারপ্রধানের ভাষ্য, বিরোধী দলের মূল লক্ষ্য জনগণের পাশে দাঁড়ানো নয়, বরং বিভ্রান্তি সৃষ্টি করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা।তিনি আরও বলেন, সরকার জনকল্যাণমূলক নীতি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং মানুষের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।









