দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব: মির্জা ফখরুল

সময়: 7:47 am - June 13, 2026 |

মানব কথা: দেশের উন্নয়ন, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং জনকল্যাণে জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শনিবার (১৩ জুন) রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। যুবদলের নবগঠিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির এটি ছিল প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি। মির্জা ফখরুল বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান যুবদলের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন। নতুন এই নেতৃত্বের মাধ্যমে যুবদল সারা দেশে আরও শক্তিশালী ও গতিশীল সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, বর্তমান সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ ভিশন বাস্তবায়নে যুবদল ইতিবাচক ও কার্যকর ভূমিকা পালন করবে। দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে নিবেদিত থেকে সংগঠনটি তরুণদের সম্পৃক্ত করে ভবিষ্যতের বাংলাদেশ গঠনে কাজ করবে। বিএনপি মহাসচিব আরও বলেন, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছিলেন।

আর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তাদের আদর্শ ধারণ করেই যুবদলের নতুন নেতৃত্ব দেশ ও জনগণের সেবায় কাজ করবে।তিনি বলেন, বর্তমান সময়ে তরুণদের নেতৃত্ব বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির বড় শক্তি হলো যুবসমাজ। তাই নতুন কমিটির ওপর অর্পিত দায়িত্ব তারা সফলভাবে পালন করবে বলেও বিশ্বাস করেন তিনি।মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের নেতৃত্বে যুবদলের নতুন নেতৃত্ব দেশকে এগিয়ে নিতে এবং জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখবে।শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।এ সময় উপস্থিত ছিলেন যুবদলের সাবেক সভাপতি বরকত উল্লাহ বুলু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেকসহ কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতারা।

Share Now

এই বিভাগের আরও খবর