বাজেটে সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব, প্রতি শলাকায় বাড়তে পারে ৩ টাকা
মানব কথা: রাজস্ব আদায় বৃদ্ধি এবং তামাক ব্যবহার নিরুৎসাহিত করতে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে সব স্তরের সিগারেটের ন্যূনতম খুচরা মূল্য বাড়ানোর প্রস্তাব দিয়েছে সরকার। প্রস্তাব কার্যকর হলে ব্র্যান্ড ও স্তরভেদে প্রতি শলাকা সিগারেটের দাম ১ থেকে ৩ টাকা পর্যন্ত বাড়তে পারে। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব তুলে ধরেন।
:বাজেট প্রস্তাব অনুযায়ী:
- নিম্নস্তরের ১০ শলাকার প্যাকেটের দাম ৬০ টাকা থেকে ৬২ টাকা করা হয়েছে।
- মধ্যম স্তরের প্যাকেটের দাম ৮০ টাকা থেকে ৯২ টাকা।
- উচ্চস্তরের প্যাকেটের দাম ১৪০ টাকা থেকে ১৬০ টাকা।
- অতি উচ্চস্তরের প্যাকেটের দাম ১৮৫ টাকা থেকে ২১০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।
নিম্নস্তরের জনপ্রিয় ব্র্যান্ড নেভি, রয়েল ও ডার্বি-র প্রতি শলাকার দাম বাজারে প্রায় ১ টাকা পর্যন্ত বাড়তে পারে। মধ্যম স্তরের সিগারেটের প্রতি শলাকার দাম প্রায় ১০ টাকা, আর উচ্চস্তরের জনপ্রিয় গোল্ড লিফ-এর প্রতি শলাকার দাম দাঁড়াতে পারে ১৬ টাকা।অন্যদিকে অতি উচ্চস্তরের ব্র্যান্ড বেনসন অ্যান্ড হেজেস-এর প্রতি শলাকার দাম বেড়ে ২১ টাকা হতে পারে, যা বর্তমানের তুলনায় প্রায় ৩ টাকা বেশি।সরকারের মতে, এই মূল্য সমন্বয়ের মাধ্যমে একদিকে রাজস্ব আদায় বাড়বে, অন্যদিকে তামাকজাত পণ্যের ব্যবহার কমিয়ে জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।










