ইতিহাস বিকৃতকারীরা টিকে থাকতে পারে না: তথ্যমন্ত্রী
মানব কথা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ইতিহাসের বাস্তবতা যখন স্পষ্টভাবে সামনে আসে, তখন ইতিহাস বিকৃতকারীরা টিকে থাকতে পারে না। অতীতে ফ্যাসিবাদী শক্তি নিজেদের রাজনৈতিক স্বার্থে দেশের রাজনীতিকে বিভক্ত ও কৃত্রিমভাবে মেরুকরণের চেষ্টা করেছিল বলেও মন্তব্য করেন তিনি। শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘আমরা বাংলাদেশি’ আয়োজিত “দেশ পুনর্গঠনে স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, জনগণের শক্তি ও গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় সেই কৃত্রিম বয়ান ইতোমধ্যেই প্রত্যাখ্যাত হয়েছে। ইতিহাসের সঠিক প্রবাহের সামনে কোনো বিকৃত ব্যাখ্যা টিকে থাকতে পারে না।তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ নিজস্ব ইতিহাস, ভাষা, সংস্কৃতি ও মূল্যবোধের ভিত্তিতে একটি স্বতন্ত্র জাতিসত্তা গড়ে তুলেছে। এ দেশের পরিচয়ের বৈধতা প্রতিষ্ঠার জন্য বাইরে থেকে কোনো স্বীকৃতির প্রয়োজন নেই।মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, দেশের ইতিহাস ও রাজনীতি জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও আকাঙ্ক্ষার মাধ্যমেই নির্ধারিত হয়—কোনো কৃত্রিম বা বাহ্যিক বয়ানের মাধ্যমে নয়। জনগণের তৈরি বয়ানই ভবিষ্যতে গণতন্ত্র ও জাতীয় ঐক্যকে শক্তিশালী করবে।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে দেশের স্বতন্ত্র পরিচয়কে রাজনৈতিক দর্শনে রূপ দিয়েছিলেন, যা আজও রাষ্ট্রচিন্তার গুরুত্বপূর্ণ ভিত্তি।আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্ক প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের জাতীয় স্বার্থই সব নীতিনির্ধারণের কেন্দ্রবিন্দু হওয়া উচিত। সার্ক ও জাতিসংঘ কাঠামোর মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা জোরদার করে দক্ষিণ এশিয়ার সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা সৈয়দ এহসানুল হুদা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুবুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর, সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, সাইফুল হক ও রাশেদ খানসহ অনেকে।বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জাতীয় স্বার্থভিত্তিক রাষ্ট্রচিন্তা প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।









