নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হতে পারে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা
মানব কথা: দীর্ঘ প্রতীক্ষার পর বাস্তবায়নের পথে এগোচ্ছে সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে-স্কেল। জাতীয় বেতন কমিশনের প্রাথমিক সুপারিশে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি পেনশনভোগীদের জন্যও বড় ধরনের আর্থিক সুবিধার প্রস্তাব এসেছে। উচ্চ মূল্যস্ফীতি ও ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় বিবেচনায় পেনশন উল্লেখযোগ্য হারে বাড়ানোর পাশাপাশি বৈশাখী, শিক্ষা ও টিফিন ভাতা বৃদ্ধিরও সুপারিশ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিম্ন আয়ের পেনশনভোগীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরে পেনশন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, যাদের মাসিক পেনশন ২০ হাজার টাকার কম, তাদের পেনশন ১০০ শতাংশ বা দ্বিগুণ করার সুপারিশ করা হয়েছে। ২০ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত পেনশনপ্রাপ্তদের ক্ষেত্রে ৭৫ শতাংশ এবং ৪০ হাজার টাকার বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব রয়েছে।শুধু পেনশন নয়, বিভিন্ন ভাতাতেও বড় ধরনের পরিবর্তনের সুপারিশ করেছে বেতন কমিশন। প্রস্তাব অনুযায়ী, বৈশাখী ভাতা মূল বেতনের ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার সুপারিশ করা হয়েছে। এছাড়া ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের টিফিন ভাতা বর্তমানের ২০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা এবং সন্তানদের মাসিক শিক্ষা ভাতা ১ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এসব প্রস্তাব বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের আর্থিক স্বস্তি অনেকটাই বাড়বে। তবে এসব সুপারিশ এখনো চূড়ান্ত হয়নি। সরকারের অনুমোদনের পর গেজেট প্রকাশের মাধ্যমে নতুন পে-স্কেল কার্যকর হবে।










