‘যারা বাজেটকে জনবিরোধী বলেন, তারা জনগণের বন্ধু নন’: প্রধানমন্ত্রী

সময়: 10:15 am - June 17, 2026 |

মানব কথা:প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের কল্যাণে প্রণীত বাজেটকে যারা ‘জনবিরোধী’ বা ‘চানাচুরের বাজেট’ বলে আখ্যা দেন, তারা কখনো জনগণের বন্ধু হতে পারেন না। তিনি বলেন, জনগণের আস্থা অর্জন করতে হলে জনগণের জন্য রাজনীতি করতে হবে। বুধবার (১৭ জুন) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে দেশের ৪০ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড এবং ৪০ লাখ কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে। একই সঙ্গে উপজেলা পর্যায়ের ৫০ শয্যার হাসপাতালগুলো আগামী পাঁচ বছরে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে।চলতি বাজেট নিয়ে সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী বলেন, যে বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি এবং ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহারের মতো জনকল্যাণমূলক উদ্যোগ রয়েছে, সেই বাজেটকে যারা জনবিরোধী বলেন, তারা জনগণের স্বার্থের রাজনীতি করেন না।তিনি দাবি করেন, বিএনপি সবসময় জনগণের জন্য রাজনীতি করে। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে।

অর্থ পাচার বন্ধে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, বিগত ১৭ বছরে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে। ভবিষ্যতে জনগণের অর্থ আর পাচার হতে দেওয়া হবে না। সেই অর্থ দেশের মানুষের কল্যাণ ও উন্নয়নে ব্যয় করা হবে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচির অর্থায়ন নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, রাষ্ট্রীয় সম্পদের অপচয় ও অর্থ পাচার বন্ধ করা গেলে এসব কর্মসূচি পরিচালনায় অর্থের কোনো সংকট হবে না। তিনি আরও বলেন, চা শ্রমিকদের জন্য গৃহনির্মাণ অনুদান, শিক্ষার্থীদের বৃত্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা সহায়তার মতো কর্মসূচি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের অংশ।দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হলে সামাজিক সুরক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে উল্লেখ করে প্রধানমন্ত্রী জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করা সম্ভব হবে না।বিএনপির রাজনৈতিক অবস্থান তুলে ধরে তারেক রহমান বলেন, দেশে যতবার অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে, জনগণ ধানের শীষের পক্ষে রায় দিয়েছে। তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে বলেন, সংকটের সময়ও তিনি দেশ ও জনগণকে ছেড়ে যাননি। অনুষ্ঠানে ৫০ জন নারী চা শ্রমিককে গৃহনির্মাণের জন্য দুই লাখ টাকা করে অনুদানের চেক, ১৫০ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। পরে ফ্যামিলি কার্ড বিতরণ শেষে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী।

Share Now

এই বিভাগের আরও খবর