সময়মতো অফিসে না এলে জনগণের কাছে জবাবদিহি করতে হবে: আইনমন্ত্রী
মানব কথা:সরকারি কর্মকর্তাদের সময়মতো অফিসে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দায়িত্বে অবহেলা করলে জনসেবার মান কমে যায় এবং জনগণের হয়রানি বাড়ে। এ ধরনের আচরণ আর সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বুধবার (১৭ জুন) সকালে ঝিনাইদহ শহরের পবহাটিতে আধুনিক কসাইখানা উদ্বোধন শেষে এবং জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও সুধীজনরা উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, সরকারি অফিসের নির্ধারিত সময় ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হলেও অনেকেই তা মানছেন না। সময়মতো অফিসে উপস্থিত না হলে জনসেবায় ব্যাঘাত ঘটে। তাই সবাইকে দায়িত্বশীলভাবে অফিসের সময় মেনে চলতে হবে। তিনি আরও বলেন, জনগণ সেবা না পেলে সরকারি কর্মকর্তাদের দায়িত্বে থাকার কোনো যৌক্তিকতা নেই। প্রয়োজনে নতুন জনবল নিয়োগ দেওয়া হবে, কিন্তু সেবায় কোনো অবহেলা গ্রহণযোগ্য হবে না।দুর্নীতি প্রসঙ্গে কঠোর অবস্থান জানিয়ে আইনমন্ত্রী বলেন, যারা অবৈধভাবে সম্পদ অর্জন করছেন এবং আয় অনুযায়ী অস্বাভাবিক সম্পদ প্রদর্শন করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির যুগ এখন শেষ হয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ধর্ষণকারী ও মাদক কারবারি কোনো রাজনৈতিক পরিচয়ের হতে পারে না। এ ধরনের অপরাধে জড়িতদের পক্ষে কোনো রাজনৈতিক তদবির বরদাস্ত করা হবে না।বাজেট প্রসঙ্গে সমালোচনার জবাবে তিনি বলেন, বাজেট উচ্চাভিলাষী হলেও তা বাস্তবায়নের সক্ষমতা রয়েছে। সামাজিক উন্নয়ন ও কর্মসংস্থানে এবারের বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদসহ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা।









