হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

সময়: 11:13 am - July 5, 2026 |

মানব কথা:দেশে হামের প্রাদুর্ভাব কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে এক হাজার ৩১ শিশু আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। রোববার (৫ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু না হলেও উপসর্গ নিয়ে সাত শিশুর প্রাণহানি ঘটেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে ৬৪৫ জনে দাঁড়িয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ শিশু। ফলে হাম ও এর উপসর্গ মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৩৮ জনে পৌঁছেছে।গত ২৪ ঘণ্টায় ১০৬ জনের শরীরে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরও ৯২৫ শিশু। এ সময়ে নতুন করে ৮৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ৯০৪ জন হাসপাতাল ছেড়েছে

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে ১ লাখ ৫ হাজার ৬১৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১২ হাজার ৬৩২ জনের শরীরে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে। এ সময়ের মধ্যে ৮৮ হাজার ৮৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৫ হাজার ১২২ জন।স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের নির্ধারিত সময় অনুযায়ী হামের টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, র্যাশ বা হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Share Now

এই বিভাগের আরও খবর