কোন নফল নামাজ কখন পড়বেন? জানুন সময়, নিয়ম ও ফজিলত

সময়: 11:06 am - July 20, 2026 |

ধর্ম ডেস্ক: ফরজ নামাজের পাশাপাশি নফল ইবাদত মহান আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি অর্জনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। নিয়মিত নফল নামাজ আদায়ের মাধ্যমে বান্দা যেমন অতিরিক্ত সওয়াব লাভ করেন, তেমনি আত্মিক প্রশান্তিও অর্জন করেন। তবে অনেকেই জানেন না কোন নফল নামাজ কখন আদায় করতে হয়। সম্প্রতি এক ধর্মীয় আলোচনায় ইসলামী স্কলার শায়খ আহমাদুল্লাহ নফল নামাজের সময় ও গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তাঁর বক্তব্যের আলোকে গুরুত্বপূর্ণ কয়েকটি নফল নামাজের সময় ও ফজিলত তুলে ধরা হলো।

তাহাজ্জুদের নামাজ:

শায়খ আহমাদুল্লাহর মতে, ফরজ ও ওয়াজিব নামাজের পর সবচেয়ে মর্যাদাপূর্ণ নফল ইবাদত হলো তাহাজ্জুদ। এশার নামাজের পর থেকে ফজরের আগ পর্যন্ত এ নামাজের সময় থাকে। তবে শেষ রাত বা ভোররাত তাহাজ্জুদের জন্য সবচেয়ে উত্তম সময়। যারা শেষ রাতে উঠতে পারবেন না, তারা ঘুমানোর আগে দুই বা চার রাকাত তাহাজ্জুদের নিয়তে আদায় করতে পারেন।

সালাতুদ দোহা (চাশতের নামাজ) :

তাহাজ্জুদের পর অন্যতম গুরুত্বপূর্ণ নফল নামাজ হলো সালাতুদ দোহা। রাসুলুল্লাহ (সা.) অনেক সাহাবিকে নিয়মিত এই নামাজ আদায়ের পরামর্শ দিয়েছেন। সূর্য কিছুটা উপরে ওঠার পর, সাধারণত সকাল ৮টা থেকে ৯টার মধ্যে এই নামাজের সময় শুরু হয়। কমপক্ষে চার রাকাত এবং সামর্থ্য থাকলে আট রাকাত আদায় করা উত্তম। হাদিস অনুযায়ী, এই নামাজ আদায়ের মাধ্যমে মানুষের শরীরের প্রতিটি অস্থিসন্ধির পক্ষ থেকে সদকার হক আদায় হয়ে যায়।

সালাতুল ইশরাক:

সূর্যোদয়ের প্রায় ১৫ থেকে ২০ মিনিট পর সালাতুল ইশরাকের সময় শুরু হয়। সূর্য ওঠার মুহূর্তে নামাজ আদায় করা নিষিদ্ধ। শায়খ আহমাদুল্লাহর মতে, ইশরাক ও দোহার নামাজ পৃথক ইবাদত। হাদিসের আলোকে এ দুটি আলাদা নামাজ হিসেবে আদায় করাই অধিক গ্রহণযোগ্য।

অন্যান্য নফল নামাজ:

এ ছাড়া পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের আগে ও পরে নির্ধারিত সুন্নত ও নফল নামাজ রয়েছে। পাশাপাশি মাকরুহ ও নিষিদ্ধ সময় ছাড়া দিনের যেকোনো সময় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নফল নামাজ আদায় করা যায়। ইসলামী চিন্তাবিদরা বলেন, নিয়মিত নফল নামাজ বান্দার ঈমানকে দৃঢ় করে, গুনাহ মাফের সুযোগ সৃষ্টি করে এবং কিয়ামতের দিন ফরজ ইবাদতের ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Share Now

এই বিভাগের আরও খবর