সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী
মানব কথা: জাতীয় সংসদের আগামী সেপ্টেম্বরের অধিবেশনেই দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এ জন্য বিশেষ অধিবেশন আহ্বানের প্রয়োজন হয়নি বলেও তিনি মন্তব্য করেন।শনিবার (২৫ জুলাই) রাজধানীর সিরডাপে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ তথ্য জানান।সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চান না। আর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন—এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রীর সংক্ষিপ্ত উত্তর ছিল, “সময়ই বলে দেবে।”
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে সংবিধানের বিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে।উল্লেখ্য, মোহাম্মদ সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা থাকলেও স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়ান।তার প্রায় তিন বছরের দায়িত্বকালে দেশের রাজনীতিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। এ সময় গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ এবং পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই সময়ের মধ্যে তিনি তিনজন সরকারপ্রধানকে শপথবাক্য পাঠ করান, যা দেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালনের ক্ষেত্রে একটি ব্যতিক্রমী ঘটনা।










