চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নতুন নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব নিলেন মোজাহিদুল ইসলাম আলিফ
মানব কথা: চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) নতুন নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রকৌশলী মোজাহিদুল ইসলাম আলিফ। সোমবার (২৭ জুলাই) তিনি বিদায়ী নির্বাহী প্রকৌশলী মনজুরুল আলম শরীফের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক দায়িত্ব বুঝে নেন। এর মধ্য দিয়ে চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হিসেবে তাঁর দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এর আগে, গত ২৩ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হিসেবে পদায়ন করা হয়। নতুন দায়িত্বে যোগদানের আগে তিনি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঢাকা জোনে নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবনে শিক্ষা অবকাঠামো উন্নয়ন, আধুনিক নির্মাণব্যবস্থা বাস্তবায়ন এবং বিভিন্ন উন্নয়ন ও সংস্কার প্রকল্প সফলভাবে পরিচালনার অভিজ্ঞতা অর্জন করেছেন প্রকৌশলী মোজাহিদুল ইসলাম আলিফ। দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, “সরকার আমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, তা সততা, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে সর্বোচ্চ চেষ্টা করব। চাঁদপুরের শিক্ষা অবকাঠামো উন্নয়নসংক্রান্ত সব প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।”
এদিকে, তাঁর যোগদানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় শিক্ষক, সরকারি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনরা। তাঁদের প্রত্যাশা, অভিজ্ঞ ও দক্ষ এই কর্মকর্তার নেতৃত্বে চাঁদপুরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চলমান এবং নতুন উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন আরও গতিশীল, স্বচ্ছ ও কার্যকর হবে।








