হাফ ম্যারাথনে বিশ্ব রেকর্ড গড়লেন কেনিয়ার অ্যাথলেট
মানব কথা: বিশ্ব অ্যাথলেটিক্স রোড রানিং চ্যাম্পিয়নশিপ-এ নারীদের হাফ-ম্যারাথন বিশ্ব রেকর্ড গড়েছেন কেনিয়ার দীর্ঘপাল্লার দৌড়বিদ অ্যাগনেস এনগেটিচ। ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত হাফ-ম্যারাথনে ১ ঘণ্টা ৫ মিনিট ১৫ সেকেন্ড সময় নিয়ে এই বিশ্বরেকর্ড গড়েন তিনি।আগের রেকর্ডটি ১ সেকেন্ডের ব্যবধানে ভেঙে এই অনন্য কীর্তি অর্জন করেন এই কেনিয়ার দীর্ঘপাল্লার দৌড়বিদ। যে রেকর্ডটি দীর্ঘদিন নিজের করে রেখেছিলেন তারই স্বদেশী পেরেস জেপচিরচির। ২০২০ সালে এই কীর্তি গড়েছিলেন তিনি।
আজ ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত হাফ-ম্যারাথনে ১ ঘণ্টা ৬ মিনিট ৫ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন ভেরোনিকা লোলিও। যেখানে ১ ঘণ্টা ৬ মিনিট ৮ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন ফ্লোরেন্স নিয়ওনকুরু।রেকর্ড গড়ার পর অ্যাগনেস এনগেটিচ বলেন, ‘আমার কোচ আমার উপর বিশ্বাস রেখেছিলেন। তিনি বলেছিলেন, তুমি পারবে। তাই বিশ্বরেকর্ড গড়তে পেরে আমি খুবই খুশি এবং এই অর্জনে যারা সহায়তা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।’
তথ্যসূত্র : বিবিসি স্পোর্টস









