আন্তালিয়ায় প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক
মানব কথা প্রতিনিধি, আন্তালিয়া (তুরস্ক):
তুরস্কের আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের এক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১) শুরু হওয়ার ঠিক আগের দিন দুই দেশের শীর্ষ নেতার মধ্যে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হলো। মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আন্তালিয়ার বিলাসবহুল ম্যাক্স রয়েল হোটেলে এই বৈঠক শুরু হয়। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দ্বিপক্ষীয় আলোচনা শেষে রাত পৌনে ৮টায় বৈঠকটি সমাপ্ত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু গণমাধ্যমকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। এর আগে, কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে গতকাল মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে তুরস্কের আন্তালিয়ায় এসে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দরে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় যৌথ সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে দুই নেতা বিস্তারিত আলোচনা করেছেন বলে জানা গেছে।









