হামের উপসর্গে একদিনে আরও ৬ মৃত্যু

সময়: 11:47 am - November 3, 2026 |

মানব কথা ডেস্ক:

দেশে হামের প্রকোপ উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪০০ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে ৩ নভেম্বর পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৮ জনে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩ নভেম্বর পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৮২৩ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮২ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫৪৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন পাঁচজন। এ ছাড়া ময়মনসিংহ বিভাগে মারা গেছেন আরও একজন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ১৫৮ জন। অন্যদিকে, নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০৫ জনে। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৩১৮ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ২০৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন মোট ১ লাখ ৯৮ হাজার ৭৫০ জন।

Share Now

এই বিভাগের আরও খবর