যুক্তরাষ্ট্রে এক সপ্তাহে বড় সাফল্য ‘দম’-এর

সময়: 12:42 pm - April 16, 2026 |

মানব কথা: আমেরিকার সিনেমা বাজারে নতুন এক মাইলফলক তৈরি করল রেদওয়ান রনি পরিচালিত চলচ্চিত্র ‘দম’। দর্শকদের অভূতপূর্ব সাড়া এবং ক্রমবর্ধমান চাহিদার কারণে মাত্র এক সপ্তাহের ব্যবধানে যুক্তরাষ্ট্রে সিনেমাটির হলের সংখ্যা ৭টি থেকে বাড়িয়ে ৫০টি করা হয়েছে। আগামী ১৭ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও কানাডার মোট ৫৮টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে এই সিনেমা।

গত ১০ এপ্রিল যুক্তরাষ্ট্রে মুক্তি পায় ‘দম’। মুক্তির প্রথম সপ্তাহেই প্রবাসী বাংলাদেশিদের মাঝে সিনেমাটি নিয়ে ব্যাপক উন্মাদনা দেখা যায়। উত্তর আমেরিকায় সিনেমাটির পরিবেশক বায়োস্কোপ ফিল্মস-এর প্রধান নির্বাহী রাজ হামিদ জানান, প্রেক্ষাগৃহের সংখ্যা এভাবে অবিশ্বাস্য হারে বৃদ্ধি পাওয়ার একমাত্র কারণ দর্শকদের প্রবল আগ্রহ। তিনি বলেন, ‘দর্শক চাহিদা ছাড়া হলের এই সংখ্যা বৃদ্ধি কোনোভাবেই সম্ভব ছিল না।’

যুক্তরাষ্ট্রের পাশাপাশি ১৭ এপ্রিল থেকে কানাডার ৮টি প্রেক্ষাগৃহেও মুক্তি পেয়েছে সিনেমাটি। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল জানান, ঈদুল ফিতরে বাংলাদেশে ‘বিগেস্ট ওপেনার’ হওয়ার পর বিদেশের মাটিতেও ‘দম’ তার দাপট বজায় রেখেছে।

সিনেমাটির মুক্তি উপলক্ষে নির্মাতা রেদওয়ান রনি বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন। সেখানে প্রদর্শনী শেষে দর্শকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বেও অংশ নেন তিনি। প্রবাসীদের পাশাপাশি সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে হাজির হয়েছিলেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, অভিনেতা আনিসুর রহমান মিলন এবং সাংবাদিক রোজিনা ইসলাম।

দর্শকরা সিনেমাটির ভিজ্যুয়াল, গল্প এবং অভিনয়ের ভূয়সী প্রশংসা করছেন। বিশেষ করে আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরীর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। অনেক দর্শকই মন্তব্য করেছেন যে, ‘দম’ কেবল একটি সিনেমা নয়, এটি বাংলা চলচ্চিত্রের জন্য একটি নতুন মাইলফলক।

দীর্ঘদিন পর নির্মাণে ফিরে এমন সাফল্যে উচ্ছ্বসিত রেদওয়ান রনি। সিনেমাটি নিয়ে তিনি বলেন, যেখানেই গিয়েছি, সেখানেই আমাকে যেভাবে স্বাগত জানিয়েছেন সবাই, তা আমার কাছেস্মরণীয় হয়ে থাকবে।

দম সিনেমা তথা বাংলাদেশের সিনেমার নিয়ে দর্শকদের যে এত উচ্ছ্বাস সেটা না দেখলে বিশ্বাস করা যাবে না। প্রবাসে থেকে বাংলাদেশের সিনেমা দেখার জন্য যে আকাঙক্ষা সবার মাঝে সেটা নির্মাতা হিসেবে খুবই অনুপ্রেরণাদায়ক। তাদের ভালোবাসা পেয়ে আমারও মনেহ চ্ছে ”দম” জিতে গিয়েছে।দর্শকরা ”দম”–কে জিতিয়েদিয়েছেন।

উল্লেখ্য, রেদওয়ান রনির পাশাপাশি এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ ও রবিউল আলম রবি।

Share Now

এই বিভাগের আরও খবর