নারায়ণগঞ্জে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে বাবা-তিন ছেলে দগ্ধ, বাবার অবস্থা আশঙ্কাজনক
মানব কথা : নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে একই পরিবারের বাবা-তিন ছেলে দগ্ধ হয়েছেন।সোমবার (১১ মে) সকাল ৬টার দিকে কুতুবপুর লাকিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন অটোরিকশাচালক আব্দুল কাদের (৫০) এবং তার তিন ছেলে মোহাম্মদ মেহেদী (১৭), সাকিব (১৬) ও রাকিব (১৪)।
প্রতিবেশীরা জানান, সকালে বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন পরিবারের চারজন আগুনে দগ্ধ অবস্থায় পড়ে আছেন। পরে জানা যায়, ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের কারণে এই দুর্ঘটনা ঘটে। দ্রুত তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ নেওয়া হয়। আহতদের নিয়ে আসা প্রতিবেশী মোহাম্মদ ফারুক বলেন, বিস্ফোরণের পর তারা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আব্দুল কাদের পরিবার নিয়ে ওই এলাকায় বসবাস করতেন এবং পেশায় অটোরিকশাচালক ছিলেন। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধ চারজনকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আব্দুল কাদেরের শরীরের প্রায় ৫৭ শতাংশ দগ্ধ হয়েছে, যা অত্যন্ত আশঙ্কাজনক। তার তিন ছেলের মধ্যে মেহেদীর ১৮ শতাংশ, সাকিবের ১৭ শতাংশ এবং রাকিবের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।
এ ঘটনায় পরিবারের সদস্যরা চরম শঙ্কায় রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসা চলছে আহতদের।









