ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানালেন চসিক মেয়র
মানব কথা:শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির মুখোমুখি করতে আইন সংশোধনের দাবি জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, “আইন সংশোধন করে এই ধরনের অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে সাত দিনের মধ্যে প্রকাশ্যে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।” শনিবার (২৩ মে) বেলা ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ধর্ষণচেষ্টার শিকার তিন শিশুকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। মেয়র বলেন, ছোট শিশুদের ফুসলিয়ে বা লোভ দেখিয়ে অপহরণ ও নির্যাতনের ঘটনা সমাজে চরম নৈতিক অবক্ষয়ের প্রতিফলন। অভিভাবকদেরও এ বিষয়ে আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তিনি বলেন, “শিশুদের একা বাইরে পাঠানো উচিত নয়। সামান্য অসচেতনতার সুযোগ নিয়েই অপরাধীরা জঘন্য কর্মকাণ্ড ঘটাচ্ছে।”চমেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) তথ্য উদ্ধৃত করে তিনি জানান, গত ৮ বছরে চট্টগ্রামে ১২ বছরের নিচে ৪২২টি শিশু নির্যাতনের ঘটনা নথিভুক্ত হয়েছে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। শিশু সুরক্ষায় নতুন উদ্যোগের কথা জানিয়ে মেয়র বলেন, কর্মজীবী নারীদের সন্তানদের জন্য চট্টগ্রামে একটি কেন্দ্রীয় ডে-কেয়ার সেন্টার স্থাপন করা হবে। পাশাপাশি প্রতিটি গার্মেন্টসে ডে-কেয়ার সেন্টার বাধ্যতামূলক করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, গার্মেন্টস মালিকদের উচিত কর্মজীবী মায়েদের সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করা। এটি সামাজিক দায়িত্বের অংশ।হালিশহরে একটি শিশুর ড্রেনে পড়ে মৃত্যুর ঘটনাও উল্লেখ করে মেয়র বলেন, এমন দুর্ঘটনা সমাজের অবহেলার ফল। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসাধীন তিন শিশুর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তারা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। চিকিৎসকরা তাদের মানসিক ট্রমা কাটিয়ে উঠতে নিবিড়ভাবে কাজ করছেন।










