আইইবি অনুষ্ঠানে প্রকৌশলীদের গুরুত্ব তুলে ধরলেন স্থানীয় সরকারমন্ত্রী
মানব কথা:প্রকৌশলীদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের উন্নয়ন ও নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের আরও সক্রিয়, দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখতে হবে। শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে আয়োজিত ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী (ইঞ্জিনিয়ার্স ডে) উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আইইবির সভাপতি প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন খাতে বিশেষ অবদান রাখা কয়েকজন প্রকৌশলী ও জনপ্রতিনিধিকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিতদের মধ্যে ছিলেন সানজিদা ইসলাম (তুলি), এমপি, মঈনুল ইসলাম খান (শান্ত), এমপি এবং মো. আশরাফ উদ্দিন (বকুল), এমপি। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, আইইবি শুধু প্রকৌশলীদের সংগঠন নয়, বরং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তিনি বলেন, দেশের অবকাঠামো উন্নয়ন, পরিকল্পনা বাস্তবায়ন ও আধুনিকায়নে প্রকৌশলীদের ভূমিকা আরও বাড়াতে হবে। তিনি আরও বলেন, স্বাধীনতা সংগ্রাম, গণতন্ত্র এবং অধিকার আদায়ের লড়াইয়ের মধ্য দিয়ে দেশ এগিয়ে এসেছে। জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গড়ার বিষয়ে মানুষের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়তে সকল পেশাজীবীর সমন্বিত ভূমিকা জরুরি। অনুষ্ঠানে প্রকৌশলী, পেশাজীবী প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।









