বিশ্ব মুসলিম উম্মাহকে সংহতি বজায় রাখার আহ্বান

সময়: 10:47 am - May 26, 2026 |

মানব কথা: পবিত্র আরাফার ময়দানে লাখো হাজির উপস্থিতিতে হজের মূল খুতবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বাংলাদেশ সময় বিকাল ৩টা ২০ মিনিটের দিকে খুতবা পাঠ শুরু করেন শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুদাইফি। মসজিদে নামিরা থেকে প্রদত্ত খুতবায় তিনি বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ব বজায় রাখার আহ্বান জানান। খুতবায় হজের আধ্যাত্মিক ও সামাজিক গুরুত্ব তুলে ধরে শায়খ আল-হুদাইফি বলেন, হজ বিশ্বজুড়ে মুসলমানদের পারস্পরিক পরিচয়, সম্প্রীতি ও সহযোগিতার অনন্য প্রতিফলন। তিনি মুসলিমদের কঠিন সময়ে ধৈর্য ধারণ, ঐক্যবদ্ধ থাকা এবং আল্লাহর প্রতি আনুগত্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “হে মানুষ, আল্লাহকে ভয় করো। তাকওয়ার মাধ্যমেই বান্দা পরকালে মুক্তি লাভ করতে পারে।” পাশাপাশি তিনি তৌহিদের গুরুত্ব তুলে ধরে শুধুমাত্র আল্লাহর ইবাদত করার আহ্বান জানান।খুতবায় হাজিদের সততা বজায় রাখা এবং মিথ্যা ও গিবত থেকে দূরে থাকারও নসিহত করা হয়।এ সময় মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ এবং হাজিদের ইবাদত কবুলের জন্য বিশেষ মোনাজাত করা হয়। শেখ হুদাইফি দোয়া করেন, “হে আল্লাহ, হাজিদের দোয়া ও ইবাদত কবুল করুন, তাদের জন্য সবকিছু সহজ করে দিন এবং নিরাপদে নিজ নিজ দেশে ফেরার তৌফিক দান করুন।”খুতবা শেষে হাজিরা মসজিদে নামিরায় একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করেন। পরে তারা হজের পরবর্তী আনুষ্ঠানিকতা পালনের উদ্দেশ্যে মিনার পথে রওনা হন।উল্লেখ্য, ইসলামের ইতিহাসে মসজিদে নামিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। এখানেই বিদায় হজের ভাষণ প্রদান করেছিলেন হজরত মুহাম্মদ (সা.)।

Share Now

এই বিভাগের আরও খবর