জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকারে আন্তালিয়ায় শুরু কপ-৩১

সময়: 5:32 am - November 9, 2026 |

মানব কথা প্রতিনিধি, আন্তালিয়া (তুরস্ক):

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, কার্বন নিঃসরণ কমানো এবং বৈশ্বিক জলবায়ু প্রতিশ্রুতিগুলো বাস্তবে কার্যকর করার লক্ষ্য নিয়ে তুরস্কের আন্তালিয়ায় আজ সোমবার শুরু হচ্ছে জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন—কপ-৩১। আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে এ সম্মেলন। এতে বিশ্বের ১৯৭টি পক্ষের প্রতিনিধি, রাষ্ট্র ও সরকারপ্রধান, কূটনীতিক, বিজ্ঞানী, পরিবেশকর্মী এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। আয়োজকদের প্রত্যাশা, সম্মেলনে প্রায় এক লাখ মানুষের অংশগ্রহণ ঘটবে। এবারের সম্মেলনের মূল ভাবনা—‘গোবেকলিতেপে থেকে বৈশ্বিক নিট-শূন্য নিঃসরণ লক্ষ্যের পথে’। সম্মেলনের কার্যক্রমে গুরুত্ব দেওয়া হচ্ছে সংলাপ, ঐকমত্য এবং বাস্তব পদক্ষেপের ওপর। জলবায়ু বিষয়ে আগের সম্মেলনগুলোতে নেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন ত্বরান্বিত করাই এবারের অন্যতম লক্ষ্য। এবারের কপ-৩১-এর আয়োজক দেশ তুরস্ক। সম্মেলনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন দেশটির পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুরাত কুরুম। অন্যদিকে, আনুষ্ঠানিক জলবায়ু আলোচনা ও সমঝোতার নেতৃত্বে রয়েছেন অস্ট্রেলিয়ার জলবায়ু পরিবর্তন ও জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন। তুরস্ক ও অস্ট্রেলিয়ার মধ্যে দায়িত্ব ভাগাভাগির এই ব্যবস্থায় সম্মেলনের আয়োজন ও সভাপতিত্ব করছে তুরস্ক, আর আলোচনার প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছে অস্ট্রেলিয়া।

কপ-৩১-এর অ্যাকশন এজেন্ডায় জলবায়ু কার্যক্রম এগিয়ে নিতে ১০টি অগ্রাধিকারভিত্তিক বিষয় নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে শূন্য বর্জ্য ব্যবস্থাপনা, মহাসাগর ও সমুদ্র সংরক্ষণ, খাদ্য নিরাপত্তা, জলবায়ু সহনশীল নগর গঠন, জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে সহযোগিতা, তরুণ সমাজ ও শিক্ষা, সবুজ শিল্পায়ন, পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তর, জীববৈচিত্র্য ও ভূমি সংরক্ষণ এবং স্বাস্থ্যব্যবস্থার সহনশীলতা বৃদ্ধি। এসব বিষয়ে নীতিনির্ধারক, বিশেষজ্ঞ, গবেষক ও বিভিন্ন অংশীজনের মধ্যে আলোচনা এবং সহযোগিতার ক্ষেত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সম্মেলনে জলবায়ু অর্থায়ন, অভিযোজন তহবিল, কার্বন নিঃসরণ হ্রাস এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসার বিশেষ গুরুত্ব পাবে। জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞ ও পরিবেশকর্মীদের প্রত্যাশা, এবারের সম্মেলনে শুধু নতুন প্রতিশ্রুতি নয়, বরং আগের অঙ্গীকার বাস্তবায়নের অগ্রগতি, অর্থায়নের নিশ্চয়তা এবং কার্যকর কর্মপরিকল্পনা নিয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত আসবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদার এবং প্রতিশ্রুতিকে বাস্তব পদক্ষেপে রূপ দেওয়ার ক্ষেত্রে কপ-৩১ কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে, এখন সেদিকেই নজর বিশ্ববাসীর।

Share Now

এই বিভাগের আরও খবর