গণমাধ্যমকর্মীদের ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন তথ্য প্রতিমন্ত্রী
মানব কথা:আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের সকল গণমাধ্যমকর্মী, সম্পাদক ও সংবাদপত্র শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইয়াসের খান চৌধুরী। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ে গণমাধ্যমকর্মীরা সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাদের অবদান জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে। তথ্য প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে তথ্যপ্রবাহ সহজ হলেও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ভিডিও, বিকৃত ছবি ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। এ ধরনের অপতৎপরতা রোধে গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও তথ্য যাচাইয়ের গুরুত্ব আগের চেয়ে অনেক বেশি। বার্তায় তিনি দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমান-এর ভূমিকার কথাও উল্লেখ করেন।তিনি বলেন, ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে সত্য, ন্যায় ও মানবিকতার পথে অবিচল থাকলে একটি উন্নত ও সহনশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। শেষে তথ্য প্রতিমন্ত্রী দেশের সব গণমাধ্যমকর্মী ও তাদের পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবার জীবনে ঈদের আনন্দ বয়ে আসুক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।








