কৃষিজমি নষ্ট করে কোনো স্থাপনা নয়: এলজিআরডি মন্ত্রী

সময়: 10:44 am - May 27, 2026 |

মানব কথা: কৃষিজমি নষ্ট করে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা হবে না বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রেও কৃষিজমি সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। বুধবার ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের আমতলী রেলঘুন্টি এলাকার ভাতার মারি ফার্মে বিশ্ববিদ্যালয় স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, “দেশে কৃষিজমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে, যা ভবিষ্যতের জন্য উদ্বেগজনক। আমরা কৃষিজমি নষ্ট করে কোনো উন্নয়ন চাই না। সব দিক বিবেচনা করেই প্রকল্প বাস্তবায়ন করা হবে।” তিনি আরও বলেন, উন্নয়ন ও কৃষির মধ্যে সমন্বয় রেখে পরিকল্পনা গ্রহণ করা হবে, যাতে শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন হলেও কৃষিজমির ক্ষতি কম হয়। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সদর উপজেলার শ্রীকৃষ্টপুর, জগন্নাথপুর, গড়েয়া ইক্ষু খামার ও সালান্দর এলাকায় মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের সম্ভাব্য স্থানও পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মোহাম্মদ রফিকুল হক, বেলাল হোসেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

Share Now

এই বিভাগের আরও খবর