শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি
মানব কথা: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন, অগাধ দেশপ্রেম, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার আদর্শ নতুন প্রজন্মের জন্য চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, জিয়াউর রহমানের সাদাসিধে জীবনযাপন, বলিষ্ঠ নেতৃত্ব, প্রশ্নাতীত সততা এবং একজন বাস্তববাদী রাষ্ট্রনায়ক হিসেবে তার পরিচয় জনগণের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। রাষ্ট্রপতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশবিরোধী ষড়যন্ত্রের শিকার হয়ে শহীদ হন জিয়াউর রহমান। তিনি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের বীর সেনানায়ক, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি হিসেবে তার অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বাণীতে রাষ্ট্রপতি উল্লেখ করেন, মহান মুক্তিযুদ্ধের সূচনালগ্নে ২৬ মার্চের প্রথম প্রহরে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের আহ্বান এবং স্বাধীনতার ঘোষণা জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিল। মুক্তিযুদ্ধে অসামান্য সাহসিকতা ও অবদানের জন্য তিনি ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত হন।রাষ্ট্রপতি বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, বাক-স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেন। একই সঙ্গে বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় জাতিকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নেন।
তিনি আরও বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, বিনিয়োগ ও রপ্তানি প্রবৃদ্ধি, স্বনির্ভরতা অর্জন এবং জনগণের জীবনমান উন্নয়নে শহীদ জিয়া যুগান্তকারী কর্মসূচি গ্রহণ করেছিলেন। তার ঘোষিত ১৯ দফা কর্মসূচি ছিল একটি উৎপাদনমুখী ও আত্মনির্ভর বাংলাদেশ গড়ার রূপরেখা। রাষ্ট্রপতি আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্বার্থ রক্ষায় জিয়াউর রহমান ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি বলেন, স্বল্প সময়ের শাসনামলেও গভীর দেশপ্রেম, ন্যায়পরায়ণতা ও দূরদর্শিতার মাধ্যমে তিনি দেশকে এগিয়ে নেওয়ার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা আজও উজ্জ্বল হয়ে আছে।
সূত্র : বাসস








