প্রনমধান্ত্রীর পরিদর্শনের পর ব্যবস্থা, বরখাস্ত দুই সিটি কর্মকর্তা

সময়: 3:53 pm - June 1, 2026 |

মানব কথা :কোরবানির পশুর বর্জ্য অপসারণে অবহেলার অভিযোগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া দুই কর্মকর্তাকে এবার সাময়িক বরখাস্ত করেছে সরকার। সোমবার (১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করে। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মোস্তানজির। প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে সরকারি চাকরি আইন ও সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। এ কারণে ১ জুন থেকে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তারা বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন। এর আগে পবিত্র ঈদুল আজহার পরদিন রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কাউকে পূর্বে না জানিয়ে তিনি বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। পরিদর্শনকালে হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় কোরবানির পশুর বর্জ্যের পাশাপাশি আগের জমে থাকা ময়লাও রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, এসব এলাকায় বর্জ্য অপসারণে অবহেলার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ওই দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। সর্বশেষ তাদের বিরুদ্ধে বিভাগীয় প্রক্রিয়া শুরু করে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর