বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ

সময়: 9:53 am - June 3, 2026 |

মানব কথা:যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বহরে হামলার অভিযোগ উঠেছে। দলের দাবি, এ ঘটনায় চারজন নেতাকর্মী আহত হয়েছেন এবং একটি গাড়ির গ্লাস ভেঙে গেছে। বুধবার (৩ জুন) দুপুর সোয়া ১টার দিকে বেনাপোল চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে বলে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে। দলীয় সূত্রে জানা যায়, সীমান্ত এলাকা পরিদর্শন শেষে শার্শা উপজেলার সাদিপুর থেকে বেনাপোলের উদ্দেশ্যে রওনা হন নাসীরুদ্দীন পাটওয়ারী। পথে বেনাপোল চেকপোস্ট এলাকায় তার বহরে থাকা গাড়ি লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়। এনসিপির দাবি, হামলায় ছাত্রশক্তির নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, তাসকিন আহমেদ তাজিম, যুবশক্তির নেতা রুপম আহসান অর্নবসহ মোট চারজন আহত হয়েছেন। দলটির পক্ষ থেকে আরও জানানো হয়, হামলার সময় গাড়িতে থাকা নাসীরুদ্দীন পাটওয়ারী, এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক এবং অন্যান্য কেন্দ্রীয় নেতারা নিরাপদে ছিলেন। ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে নাসীরুদ্দীন পাটওয়ারী বেনাপোলে কোনো কর্মসূচিতে অংশ না নিয়ে সরাসরি যশোর শহরের উদ্দেশ্যে রওনা দেন বলে দলীয় সূত্র জানিয়েছে। তবে অভিযোগের বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছে পুলিশ। বেনাপোল পৌর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উদ্দিন বলেন, তার জানা মতে এ ধরনের কোনো হামলার ঘটনা ঘটেনি। এ ঘটনায় জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ জানতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে হামলার অভিযোগ ও পুলিশের বক্তব্যে ভিন্নতা থাকায় বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর