বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর মুখোমুখি দক্ষিণ আফ্রিকা
মানব কথা: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ২০২৬ ফিফা বিশ্বকাপের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে অন্যতম আয়োজক দেশ মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১১ জুন) রাত ১টায় মেক্সিকোর ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ঘরের মাঠের সমর্থনকে কাজে লাগিয়ে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে চায় মেক্সিকো। অন্যদিকে আফ্রিকা অঞ্চলের প্রতিনিধি দক্ষিণ আফ্রিকা প্রথম ম্যাচেই চমক দেখানোর প্রত্যয় নিয়ে মাঠে নামবে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এর আগেও মুখোমুখি হয়েছিল দুই দল। ২০১০ সালের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আয়োজক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিল মেক্সিকো। সেবারের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।এবারের আসরে নতুন ফরম্যাটে ৪৮টি দল অংশ নিচ্ছে। এর মধ্য দিয়ে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের যাত্রা শুরু হচ্ছে। বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হবে মাঠের লড়াই।বিশ্বকাপের প্রথম ম্যাচ ঘিরে ইতোমধ্যেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। উদ্বোধনী ম্যাচে জয় তুলে নিয়ে কারা বিশ্বকাপ অভিযান শুরু করবে—মেক্সিকো নাকি দক্ষিণ আফ্রিকা, সেই অপেক্ষায় এখন পুরো ফুটবল বিশ্ব।









