জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী

সময়: 10:03 am - July 11, 2026 |

মানব কথা: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের জীবনমান উন্নয়ন এবং প্রতিটি নাগরিকের জন্য সুস্থ, শিক্ষিত, দক্ষ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার। জনমিতিক সম্ভাবনাকে টেকসই উন্নয়নের শক্তিতে রূপান্তর, মানবসম্পদ উন্নয়ন, সার্বজনীন স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার এবং নারী-যুবসমাজের ক্ষমতায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ ও আত্মনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে। শনিবার (১১ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন। এবারের বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করি, আজকের প্রস্তুতিতে সুন্দর আগামী গড়ি’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই প্রতিপাদ্য দেশের উন্নয়ন দর্শনের সঙ্গে গভীরভাবে সামঞ্জস্যপূর্ণ। তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে এমন এক তরুণ প্রজন্মের ওপর, যারা হবে শিক্ষিত, দক্ষ, প্রযুক্তিবান্ধব, সুস্থ ও উদ্ভাবনী। তাদের জন্য মানসম্মত শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা এবং নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার সমন্বিত উদ্যোগ বাস্তবায়ন করছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক অর্থনীতির প্রধান শক্তি হবে দেশের তরুণরা। এজন্য দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, অর্থনৈতিক নিরাপত্তা, উন্নত স্বাস্থ্যব্যবস্থা ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত হলে তরুণরা আত্মবিশ্বাসের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ এবং দায়িত্বশীল পরিবার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। বার্তায় বাল্যবিবাহ, কিশোরী মাতৃত্ব ও অপুষ্টিকে দেশের উন্নয়নের বড় চ্যালেঞ্জ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এসব সমস্যা মোকাবিলায় সরকার বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টি উন্নয়ন এবং জীবনদক্ষতাভিত্তিক শিক্ষা কার্যক্রম জোরদার করছে। তিনি আশা প্রকাশ করেন, প্রতিটি তরুণ-তরুণী যদি সমান সুযোগ পায়, তবে তারাই আগামী দিনের সমৃদ্ধ, মানবিক ও উন্নত বাংলাদেশ গঠনের প্রধান চালিকাশক্তিতে পরিণত হবে। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সফলতা কামনা করে প্রধানমন্ত্রী দেশবাসী, বিশেষ করে তরুণদের দিবসটির চেতনা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

Share Now

এই বিভাগের আরও খবর